শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়েছি : প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়েছি : প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা জারি করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকারের সক্রিয় অবস্থানের কথা তুলতে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বের অনেক শিক্ষার্থীও টিকা পেয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে এবার স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে কোনো বাধা নেই। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

করোনাভাইরাস মোকাবেলায় সরকারের সফলতার কথা বলতে গিয়ে তিনি বলেন, সার্বিকভাবে বলতে গেলে করোনাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি আমরা। তারপরও ব্যক্তিগত উদ্যোগে সবাইকে সতর্ক থাকতে হবে। টিকা নেওয়ার পরও অসচেতনতার কারণে অনেকে ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন।

শেখ হাসিনা বলেন, ১৮ বছরের নিচের শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সেই লক্ষ্যে ফাইজার-বায়োএনটেকের কিছু টিকা নিয়ে আসা হয়েছে। চলতি সেপ্টেম্বরের মধ্যেই এই কোম্পানির আরও ৫০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। তাই চাইলে স্কুল শিক্ষার্থীদেরকেও এখন টিকা দেওয়া যাবে।

টিকার কোনো সমস্যা নেই। একদিকে দ্রুত গতিতে চলছে টিকাদান কর্মসূচি, অন্যদিকে বিভিন্ন মাধ্যম থেকে টিকা নিয়ে আসছি আমরা। তাই সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। তারপরও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি মাথায় রাখতে হবে। কারণ, করোনার প্রকোপের মধ্যে এখন আবার শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *