পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন। পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের তারিখ চূড়ান্ত করা হবে। তার এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনের ফাঁকে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজারতোর সঙ্গে বৈঠক করেন এবং সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিস্তারিত না জানিয়ে ইউএনবিকে বলেন, “হাঙ্গেরির প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। ওই সফরে সব অমীমাংসিত চুক্তি সই হবে।”
সংশ্লিষ্ট কর্তপক্ষ জানায়, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা ১৪০ থেকে বাড়িয়ে ২৪০ করেছে হাঙ্গেরি। পাশাপাশি রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে হাঙ্গেরি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত জুনে হাঙ্গেরির পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ বার্তা হস্তান্তর করেন।
এ বছর হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবানের বাংলাদেশ সফর নিয়ে কাজ করছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।


