শিল্পাঞ্চলের মসজিদও খুলে দিয়েছে আরব আমিরাত
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আরব আমিরাতে ধীরে ধীরে সব অঞ্চলের মসজিদেই খুলে দেয়া হচ্ছে। শ্রমিকদের অঞ্চল ও শিল্পাঞ্চলের মসজিদও খুলে দেয়া হয়েছে। করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও গণ জমায়েত নিষিদ্ধ করা হয়। তারই অংশ হিসেবে মসজিদে জামায়াতে নামাজ পড়া বন্ধ হয়ে যায়।
তবে শুক্রবার আমিরাত সরকার জানিয়েছে, বাণিজ্যিক এলাকায় নামাজ আদায়ের স্থান, শ্রমিকদের প্রার্থনার জায়গা এবং মসজিদগুলো পুনরায় খুলে দেওয়া হচ্ছে।
আমিরাতের জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনইসিডিএমএ) এক টুইট বার্তায় জানিয়েছে, দেশটির জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স এবং এনইসিডিএমএ যৌথভাবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে- বাণিজ্যিক এলাকা ও শ্রমিকদের প্রার্থনার স্থানসহ মসজিদগুলো খুলে দেওয়া হবে।
সর্বোচ্চ ৩০ শতাংশ মুসল্লী মসজিদে উপস্থিত হতে পারবে। সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরে জায়নামাজ নিয়ে যেতে হবে মসজিদে। সেই সঙ্গে অন্য মুসল্লীদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে।
মসজিদে বসে পবিত্র কুরআন শরিফ পড়তে চাইলে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে হবে। মসজিদের এক প্রান্তে জায়নামাজে বসে তা পড়তে হবে।
জুমার নামাজের ব্যাপারে এখনো আগের মতোই নিষেধাজ্ঞা বহাল থাকছে। এ ব্যাপারে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। এর আগে গত ১ জুলাই থেকে সে দেশের মসজিদ খুলে দেওয়া হয়। তবে সে ক্ষেত্রে মুসল্লী সংখ্যা সীমিত রাখার কথা বলা আছে।
সূত্র : খালিজ টাইমস


