শীর্ষ তালেবান কমান্ডারসহ আফগানিস্তানে নিহত ২৯

শীর্ষ তালেবান কমান্ডারসহ আফগানিস্তানে নিহত ২৯

পাথেয় রিপোর্ট : আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এক বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী তালেবানের শীর্ষ কমান্ডারসহ ২৯ জন নিহত হয়েছেন। নিহত ওই তালেবান কমান্ডারের নাম মোল্লাহ আবদুল মান্নান।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে আফগান সরকারি কর্মকর্তা এবং তালেবান সদস্যদের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স জানায়, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী পরিচালিত একটি যৌথ অভিযানে তারা নিহত হন।

হেলমান্দ প্রদেশের গভর্নর মোহাম্মাদ ইয়াসিন খান জানান, তালেবান জঙ্গী গোষ্ঠীর পক্ষে হেলমান্দের দায়িত্বে ছিলেন আবদুল মান্নান। শনিবার নাওয়াজাদ জেলায় স্থানীয় কমান্ডার ও যোদ্ধাদের সঙ্গে বৈঠক করছিলেন আবদুল মান্নান। সে সময় বিমান হামলায় তিনিসহ ২৯ জন নিহত হন।

আবদুল মানানের মৃত্যুর বিষয়টি হেলমান্দ ও পার্শ্ববর্তী কান্দাহার প্রদেশের তালেবান সদস্যরা নিশ্চিত করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের পর হেলমান্দের প্রায় সব অঞ্চলেই আবদুল মান্নানের নেতৃত্বে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। এ কারণে তার নিহত হওয়ার বিষয়টিকে বিশাল সাফল্য বলে মনে করছে আফগান কর্তৃপক্ষ। কাবুলের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, দক্ষিণাঞ্চলে তিনিই ছিলেন সবচেয়ে জ্যেষ্ঠ তালেবান কমান্ডার। তাই তার মৃত্যু সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে।

আফগানিস্তানে ১৭ বছর ধরে চলে আসা যুদ্ধ শেষ করতে যখন পশ্চিমা সমর্থিত নিরাপত্তা বাহিনী এবং তালেবান জঙ্গিরা একটি শান্তিপূর্ণ মীমাংসায় পৌঁছেছে, ঠিক তখনই মানানের মৃত্যুর বিষয়টি সামনে এলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *