শুধু কমিটি নয়, সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে : সেতুমন্ত্রী

শুধু কমিটি নয়, সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে : সেতুমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শুধু হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করলেই হবে না, তাদের সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে।

নতুন কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার তাণ্ডব কি বন্ধ হবে? প্রশ্ন করেন ওবায়দুল কাদের। আজ সোমবার (২৬ এপ্রিল) সকালে কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ প্রশ্ন করেন।

করোনার এই সময়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, জীবিকার আগে জীবন, তাই করোনার এই সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার এই সময়ে রাজনীতি করা সমীচীন নয়। বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে – সে কারণে এসব মিথ্যাচারের জবাব সরকারের পক্ষ থেকে দিতে হয়। করোনার এই ভয়াবহ বিস্তাররোধে এখন একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো। মানুষের জীবন ও জীবিকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারের।

আরও পড়ুন: সরকারের ভুলে জনগণ টিকা বঞ্চিত : ফখরুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অনেক নেতাদের ওষুধ কোম্পানি আছে। এ ওষুধ কোম্পানিগুলোর মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ আছে কিন্তু সেটাও তারা করছে না। আওয়ামী লীগের কর্মীদের মতো কৃষকের ধান কেটে দেওয়ার মতো কর্মসূচিও তো বিএনপির নেতারা করতে পারে। বিএনপি শুধু মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতিকে আঁকড়ে ধরে আছে এবং সাম্প্রদায়িক অপশক্তিকে সন্ত্রাস ও জ্বালাও পোড়াও’র রাজনীতিতে উসকানি দিচ্ছে, যা জনগণ আশা করে না।

করোনা ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মনে রাখতে হবে ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়। মাস্ক না পরলে ভ্যাকসিনে কোন কাজ হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *