পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা সংক্রমণ রোধে বাগেরহাটের সুন্দরবন ও বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। শনিবার থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত থাকবে। শুক্রবার রাতে বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, হিরণ পয়েন্ট, হারবাড়িয়া, কটকা, কচিখালিসহ সুন্দরবনের দর্শনার্থীর ভ্রমণ স্পটে করোনার সংক্রমণ রোধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর জেলে, মৌয়ালসহ যারা সুন্দরবনের অভ্যন্তরে অনুমতি নিয়ে প্রবেশ করেছিল তাদের দ্রুত সময়ের মধ্যে লোকালয়ে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট বন অফিসের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার থেকে কোনো অবস্থায় বনের মধ্যে নতুন করে কোনো প্রকার দর্শনার্থী আর প্রবেশ করতে পারবে না নিষেধাজ্ঞা তুলে না নেয়া পর্যন্ত।
বাগেরহাটের ডিসি আ ন ম ফয়জুল হক বলেন, করোনা সংক্রমণ রোধে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার সকাল থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত থাকবে। তবে ষাটগম্বুজ মসজিদে ওয়াক্ত মতো স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন।


