পাথেয় টোয়েন্টিফোর ডটকম: নাগরিক সমাজের মতো রাজনৈতিক দলগুলোও রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের পক্ষে। তবে আলোচনায় বসতে নিজ নিজ শর্তে অনড় রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও (জাপা) আলোচনার পক্ষে। তবে সরকার সমর্থক অন্য দলগুলোর অবস্থান আওয়ামী লীগের মতোই। আগামী নির্বাচন নিয়ে দেশি-বিদেশি তৎপরতায় নাগরিক সমাজের আশঙ্কা– রাজনৈতিক সমাধান না এলে অস্বাভাবিক পরিস্থিতির উদ্ভব হতে পারে।
‘চলমান রাজনৈতিক সংকট ও উত্তরণ’ শীর্ষক সমকাল সংলাপে এসব কথা বলেছেন তারা। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে কার্যালয়ে সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের সঞ্চালনায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করা দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকারের অধীনে নির্বাচন যদি বিএনপি মেনে নেয়, তাহলে সবার কাছে কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, তা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। সেই আলোচনা ফলপ্রসূ হবে।


