সংস্কার কার্যক্রম কতদিনের মধ্যে শেষ হবে, জানতে চায় ইসলামী আন্দোলন

সংস্কার কার্যক্রম কতদিনের মধ্যে শেষ হবে, জানতে চায় ইসলামী আন্দোলন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের ধরন ও প্রক্রিয়া কী হবে এবং কতদিনের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করবে, তা অতিদ্রুত প্রকাশ করার আহ্বান জানিয়েছে দলটি।

সোমবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচার বিএমএ ভবনে এ দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, পাঁচটি খাতে সংস্কারের পর জাতীয় নির্বাচনের আয়োজন করবে বলে জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। দুই দফায় মোট ১০টি প্রতিষ্ঠান সংস্কারের জন্য ১০টি কমিশন গঠন করা হলেও এসব প্রতিষ্ঠানগুলো কতদিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবে, তা নির্ধারিত হওয়া প্রয়োজন।

মুফতি রেজাউল করিম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কার্যক্রমের ধরণ ও প্রক্রিয়া কি হবে এবং কতদিনের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে, তা অতি দ্রুত প্রকাশ করবে এবং জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করবে।

বিগত আওয়ামী সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেন তিনি।

চরমোনাই পীর বলেন, পতিত ফ্যাসিস্ট, গণহত্যাকারী, লুটেরা ও দুর্নীতিবাজদের রাজনীতি নিষিদ্ধসহ নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও যথাযথ প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে।

এসময় অবৈধ ও প্রহসনের নির্বাচন পরিচালনায় কমিশন এবং প্রশাসনের যেসব কর্মকর্তা সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে বলেও জানান তিনি।

Related Articles