পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধর্ষণ এবং হত্যার মতো অপরাধীদের সরকার ছাড় দিচ্ছে না, ধৈর্য ধরুন, প্রতিবাদ করার দরকার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই সরকার রেহাই দিচ্ছে না।
মঙ্গলবার (০৬ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ধর্ষণ এবং হত্যার মতো অপরাদের সঙ্গে জড়িত কোনো অপরাধীকে সরকার কখনো ন্যূনতম ছাড় দেয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্নখাতে প্রবাহিত করলে বিচারের প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। কোনো অপরাধের অপরাধী যেই হোক, অপরাধীর পরিচয় হলো দুর্বৃত্ত। দৃর্বৃত্তের কোনো দলীয় পরিচয় নেই।
তিনি বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি, ধর্ষকদের একমাত্র পরিচয়, সে ধর্ষক, সে অপরাধী, সে দুর্বৃত্ত। ধর্ষণ রোধে সম্মিলিতভাবে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।
শেখ হাসিনা সরকার নিজের দলের লোক হলেও তাকে রেহাই দেয় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আবরার হত্যাকাণ্ডে যারা জড়িত তারা ছাত্রলীগ পরিচয়ের হলেও তাদের রেহাই দেয়া হয়নি। একইভাবে ফেনীতে নুসরাত হত্যাকাণ্ডে আওয়ামী লীগের পরিচয়েও কেউ কেউ ছিল, তাদের একইভাবে শাস্তি দেয়া হয়েছে। আমাদের নেত্রীর নির্দেশনা হলো, অপরাধী যত বড় নেতাই হোক তার অপকর্মের শাস্তি তাকে পেতেই হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলী, শাম্মী আহমেদ, ওয়াসিকা আয়েশা খান, বিপ্লব বড়ুয়া, অসীম কুমার উকিল, আমিনুল ইসলাম, সায়েম খান প্রমুখ।
/এএ


