সরকার মাদ্রাসা বন্ধ করতে পারবে না : বাবুনগরী

সরকার মাদ্রাসা বন্ধ করতে পারবে না : বাবুনগরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লকডাউনেও নুরানী, হেফজখানায়, কওমি মাদ্রাসা বন্ধ রাখা যাবে না মন্তব্য করে হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, লকডাউন সরকার দিতে পারবে। কিন্তু আমাদের মাদ্রাসা বন্ধ করা যাবে না। যেখানে কোরআন, হাদিস পাঠ করা হয় সেখানে করোনা আসবে না। তার কারণ হলো আল্লাহর রহমত।

রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকের এসব কথা বলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

হেফাজত আমির সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, ‘আমাদের মাদরাসায় পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। গ্রেফতার ও মামলা দায়ের বন্ধ করতে হবে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়েছে। এসব বন্ধ না করলে ভবিষ্যতে কঠিন পরিণতি হবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ মাদরাসায় ঘুরে ঘুরে আয়ের উৎস কী, ছাত্র কতজন এবং কমিটিতে কে আছেন- এসব বিষয় নিয়ে তদন্ত করছে। এগুলো বন্ধ করতে হবে।’

এ সময় বাবুনগরী বলেন, ‘করোনার দোহাই দিয়ে সরকার মাদরাসা-মসজিদ বন্ধ করার জন্য চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলছি, মসজিদে মুসল্লি সংখ্যা নির্ধারণ করে দেয়া যাবে না, রমজানে ইতিকাফ ও তারাবিহ বন্ধ করা যাবে না। রমজান মাসে কওমি মাদরাসায় একটা কালেকশন (অনুদান সংগ্রহ) হয়। ওই কালেকশন দিয়ে মাদরাসা সারাবছর চলে। লকডাউন দিয়ে সরকার কালেকশন বন্ধেরও চেষ্টা করছে।’

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আমরা সরকারবিরোধী নই। সরকারের সঙ্গে আমরা যুদ্ধ করব না। তাছাড়া সরকার পতন আমাদের উদ্দেশ্য নয়। তারা প্রয়োজনে আরও দুইশ’ বছর ক্ষমতায় থাকুক। এতে আমাদের কোনো সমস্যা নেই। তবে সরকারকে ইসলামের সঙ্গে সমঝোতা করে চলতে হবে। না হয় কঠিন পরিণতি ভোগ করতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *