স্পোর্টস ডেস্ক: ঠিকানা বদলে চলতি মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে খেলছেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলে সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৪৩টি ম্যাচ খেলেছেন তিনি। সোমবার নতুন দল হায়দরাবাদের হয়ে খেলতে নামার সম্ভাবনা রয়েছে বাঁহাতি এই বিশ্বসেরা অলরাউন্ডারের।
নতুন আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগে সাকিব আল হাসানের সামনে অপেক্ষা করছে ভিন্ন ভিন্ন দুটি মাইলফলক। আইপিএল ক্যারিয়ারে ছয় মৌসুমে ৪৩টি ম্যাচ খেলে বল হাতে ৪৩টি উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতেও ২২ গড়ে ৪৯৮ রান করেছেন সাকিব।
সোমবার হায়দরাবাদের প্রথম ম্যাচে সাকিব আল হাসান ব্যাটিংয়ে নেমে মাত্র দুই রান করলেই পৌঁছে যাবেন আইপিএলে ৫০০ রানের ক্লাবে। আর পুরো মৌসুম খেলে মাত্র সাতটি উইকেট নিতে পারলে আইপিএল অলরাউন্ডারের অভিজাত ক্লাব ৫০০ রান এবং ৫০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করবেন সাকিব।
এছাড়াও সবধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে এযাবৎকালে ২৫৪ ম্যাচ খেলে ব্যাট হাতে ৩৯৮০ রান করেছেন সাকিব, বল হাতে স্বীকার করেছেন ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ ২৯৪টি উইকেট। ফলে চলতি আইপিএলে ব্যাট হাতে ২০ রান, বল হাতে মাত্র ৬টি উইকেট নিলেই বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪০০০ রান এবং ৩০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করবেন সাকিব।
এখনো পর্যন্ত এই ক্লাবের একমাত্র সদস্য ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। চলতি আইপিএলের প্রথম ম্যাচের পর ব্রাভোর ঝুলিতে রয়েছে ৫৫৭১ রান এবং ইতিহাসের সর্বোচ্চ ৪১৩টি উইকেট।
সোমবার নিজেদের ঘরের মাঠেই আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন সাকিব আল হাসানরা। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।


