সাম্প্রদায়িকতা বাঙালি জাতির ঐতিহ্য নয়
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘সাম্প্রদায়িকতা বাঙালি জাতির ঐতিহ্য নয়। আমরা ধর্মপ্রাণ, কিন্তু ধর্মের গোড়ামিকে আমরা পছন্দ করি না। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান নিজেদের ধর্ম ও সংস্কৃতি পালন করছে। বাঙালি জাতির সংস্কৃতি সবাই সমন্বিত ভাবে তুলে ধরছে।’
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জিএম কাদের সাংবাদিকদের এ কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের মানুষ নিজস্ব সংস্কৃতি পালন করেই একটি সুখি-সম্বৃদ্ধশালী দেশ চায়। গুটিকয়েক মানুষ বাঙালি সংস্কৃতির বাইরে থাকতে পারে। তবে যারা বাঙালি সংস্কৃতির বাইরে তারা কখনোই দেশের নীতি নির্ধারক হতে পারে না।’
তিনি আরো বলেন, ‘মুর্তি বানানো, ছবি তোলা, গান, নাটক বা হিজাব না পরা স্বাভাবিকভাবেই আমাদের সংস্কৃতি এবং জীবনযাত্রার সঙ্গে চলমান। কিন্তু এর বাইরে কেউ কিছু চাপিয়ে দিতে চাইলে তা জনগণ কখনোই গ্রহণ করেনি। এমন ঘটনাগুলো বিচ্ছিন্ন কোন ঘটনা হতে পারে, আবার সমন্বিত কোন ষড়যন্ত্রের ফসলও হতে পারে।’
জাতীয় পার্টি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের মানুষকে সকল ষড়যন্ত্র থেকে মুক্তি দিতেই আমরা রাজনীতি করি। কোন ষড়যন্ত্র থাকলে তা বের করে সমাধানের দায়িত্ব সরকারের।’
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এস. এম. ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, সুলতান আহমেদ সেলিম প্রমুখ।


