সারাদেশে করোনা উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু

সারাদেশে করোনা উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সর্দি, জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মুক্তিযোদ্ধা, সাবেক শিক্ষক, শ্রমিক নেতাসহ ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৩০ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত ৯৩ দিনে ১০৪৬ জনের মৃত্যু হল। তারা করোনাভাইরাসে আক্রান্ত কি না, জানতে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। রিপোর্ট ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়।

কুমিল্লা : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার চারজনের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি আদর্শ সদর উপজেলার মুরাদপুর, একই উপজেলার দৌলতপুর, কোটবাড়ী ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলায়।

ফেনী : সোনাগাজীতে দুলাল পাটোয়ারী ও মোজাহিদ ওরফে জাহেদ চৌধুরী নামে দুই মুক্তিযোদ্ধা মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১০টায় ঢাকা নেয়ার পথে দুলাল পাটোয়ারী মারা যান। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের বেছু পাটোয়ারী বাড়ির বাসিন্দা। রাত ১১টায় জাহেদ চৌধুরী তার নিজ বাড়িতে মারা যান। তার বাড়ি একই ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে।

পটুয়াখালী : দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার সকালে মারা গেছেন।

চুয়াডাঙ্গা : দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুরে মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি মোহাম্মদ কাওসার আলি শাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

ঝিনাইদহ : কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।

ভোলা : ভোলায় মঙ্গলবার দু’জন মারা গেছেন।

মেহেরপুর : গাংনী উপজেলার বামুন্দী পশ্চিমপাড়া মঙ্গলবার এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জয়পুরহাট : ক্ষেতলাল উপজেলার এক ব্যক্তি সোমবার ঢাকায় মারা যান। তার বাড়ি ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল মহল্লায়। তিনি সিলেট বিয়ানী বাজারের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।

ময়মনসিংহ : হালুয়াঘাটের এক ব্যক্তি মঙ্গলবার ভোরে ময়মনসিংহ এসকে হাসপাতালে মারা গেছেন। তার বাড়ি উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *