সারাদেশে রাতের তাপমাত্রা কমার আভাস

সারাদেশে রাতের তাপমাত্রা কমার আভাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫১ শতাংশ। সোমবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে।

আগামী দুই দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ায় পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। দেশে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় এবং সর্বনিম্ন ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু উত্তর উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *