পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ‘ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি হয়েছে, এ নির্বাচনে জনগণের মতামতের কোন প্রতিফলন ঘটেনি; পরিকল্পিতভাবে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেয়া হয়নি।’
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রশাসন, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনী সহায়তাকারী অন্যান্য সংস্থার সদস্যদের মধ্যে অসহায়ত্ব ও হতাশা লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাক হয়ে তাকিয়ে থাকে একে অপরের দিকে। দেশের সকল রাষ্ট্রযন্ত্রকে দলীয় আজ্ঞাবহ হতে বাধ্য করা হয়েছে।’
মাদানী আরও বলেন, ‘এ ধরনের নির্বাচনে যেখানে প্রকৃতপক্ষে শতকরা ৭ থেকে ৯ ভাগের বেশি ভোট পড়েনি, যদিও দেখাচ্ছে ২৪ ভাগ। সেখানে এ নির্বাচনের মধ্য দিয়ে যারা বিজয়ী হয়েছেন তাদের আসলে জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার আইনগত কোন যোগ্যতা থাকছে কিনা।’
সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘এ সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তারা অত্যন্ত সচেতনভাবে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে যাচ্ছে। এই সরকার এবং নির্বাচন কমিশনের ওপর জনগণের কোন আস্থা নেই বলেই ঢাকা সিটি কর্পোরেশন ভোটারদের উপস্থিতি এত কম। এত কম ভোটারের উপস্থিতি অতীতে কখনও ছিল না।
এছাড়াও প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বলেন, ‘এ সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরোমানাই, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা নেছার উদ্দিন, মুফতী মোস্তফা কামাল প্রমুখ।


