পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ার উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহারে সম্মতি দিয়েছে তুরস্ক। চলতি সপ্তাহে রাশিয়া, সিরিয়া এবং তুরস্কের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পর সেনা প্রত্যাহারে সম্মতি দিয়েছে আঙ্কারা। সিরিয়ার রাষ্ট্রিয় গণমাধ্যম সানা’য় এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গত বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হলুসি আকার এবং সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আলী মাহমুদ আব্বাস বৈঠকে বসেন।
আলোচনার ভিত্তিতে সিরিয়ার ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করবে তুরস্ক। এছাড়া, সিরিয়ার কুর্দি ওয়াইপিজি গেরিলাদেরকে আঙ্কারা এবং দামেস্ক দুপক্ষই ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার গুপ্তচর বলে মনে করে। তুরস্ক এবং সিরিয়া কুর্দি এই গেরিলাদেরকে নিজেদের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেন।
তুরস্কের দাবি, বিচ্ছিন্নতাবাদী পিকেকে গেরিলা ও কুর্দি ওআইপিজি গেরিলা গোষ্ঠী সন্ত্রাসী সংগঠন। তারা তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। গত কয়েক বছর ধরে সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থান করছেন তুর্কি সেনারা। তুর্কি বাহিনী মাঝে মধ্যে সিরিয়ার ওয়াইপিজি গেরিলাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়।
এদিকে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যাওয়ার প্রদেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক রকেট হামলা হয়েছে। ঘাঁটির আশপাশের অঞ্চল থেকে এই হামলা চালানো হয়। তবে এ হামলার দায় কোনো গোষ্ঠী শিকার করেনি।
স্থানীয় বিভিন্ন সূত্র জানিয়েছে, হামলার সময় সাইরেন বাজানো হয় এবং বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলের দিকে যেতে দেখা গেছে। এছাড়া, মার্কিন বাহিনীর ঘাঁটি অভিমুখী সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। হামলায় মার্কিন সেনা হতাহতের সম্ভাবনার কথা জানিয়েছে একাধিক সূত্র।


