পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সশস্ত্র সরকারি বাহিনীর হামলায় সিরিয়ায় পাঁচ শিশুসহ ১১ জন নিহত হয়েছে। শনিবার (১৭ জুলাই) প্রথম হামলাটি হয় দেশটির ইদলিব প্রদেশের ইহসিম শহরে। যাতে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। ব্রিটিশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আরব নিউজ জানায়, নিহতরা তাদের নববিবাহিত এক আত্মীয়কে শুভেচ্ছা জানাতে ইদলিবে যাচ্ছিল। এসময় তাদের লক্ষ্য করে কামান গোলা নিক্ষেপ করে আসাদ বাহিনী। এতে হতাহতের ঘটনাটি ঘটে।
একই দিনে দক্ষিণ ইদলিবের সারজা গ্রামে সরকারি বাহিনীর অন্য একটি রকেট হামলায় তিন শিশুসহ ৬ জন নিহত হয়েছে। এ নিয়ে শুধু শনিবার (১৭ জুলাই) সরকারি এবং সরকার সমর্থিত বাহিনীর হামলায় ইদলিবে ১১ জনের প্রাণহানি হলো।
সরকারি বাহিনীর এসব হামলার দিন টানা চতুর্থবারের মতো যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাশার আল-আসাদ। শনিবার (১৭ জুলাই) দেশটির সংসদে নতুন মেয়াদে শপথ গ্রহণ করেন তিনি। ফলে আগামী আরও সাত বছর সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন ৫৫ বছর বয়সী এই প্রেসিডেন্ট।
৫৫ বছর বয়সী বাশার আল-আসাদ ২০০০ সাল থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বাবা হাফিজ আল-আসাদ প্রায় পঁচিশ বছর সিরিয়া শাসন করেছেন। বাবার পর দায়িত্ব নেন বাশার আল-আসাদ।
প্রায় দশ বছর ধরে গৃহযুদ্ধে দিশহারা সিরিয়া। ২০১১ সালে বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচীতে সরকারি বাহিনীর রক্তক্ষয়ী পদক্ষেপের মধ্য দিয়ে এ গৃহযুদ্ধটি শুরু হয়েছিল।
সূত্র: আরব নিউজ


