সিলেটে আরও ৯৫ জনের করোনা শনাক্ত

সিলেটে আরও ৯৫ জনের করোনা শনাক্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেট বিভাগের চার জেলায় শনিবার (১৮ জুলাই) একদিনে ৯৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জ জেলায় ২০ জন, হবিগঞ্জ জেলায় ২৩ জন এবং মৌলভীবাজার জেলায় ২৮ জন রয়েছেন।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের ল্যাবে আজ ২৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে তিন জন চিকিৎসকসহ ৬৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে সিলেট জেলার ১৫ জন, মৌলভীবাজার জেলার ২৮ জন, হবিগঞ্জ জেলার ২৩ জন রয়েছেন। এছাড়া আজ শাবির ল্যাবে সিলেট জেলার ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যও রয়েছেন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২০ জন সুনামগঞ্জ জেলার এবং ৯ জন সিলেট জেলার বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনিবার রাতে শনাক্ত হওয়া ৯৫ জন নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৪৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৮০ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৫ জন এবং মৌলভীবাজারে ৮৪৫ জন।

শনিবার সকাল পর্যন্ত বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ৮৬ জন মারা গেছেন সিলেট জেলায়। এ ছাড়া সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে ১০ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১০ জন। এর মধ্যে ৮৮ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫৯ জন ও মৌলভীবাজারে ২৫ জন চিকিৎসাধীন আছেন।

বিভাগে শনিবার সকাল পর্যন্ত ২ হাজার ৫৫৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৭৫৮ জন, সুনামগঞ্জে ৯২২ জন, হবিগঞ্জে ৪৬৭ জন ও মৌলভীবাজারে ৪০৯ জন সুস্থ হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *