পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ৮ ফেব্রুয়ারি বিকালে সত্তরোর্ধ্ব এই আলেমেদ্বীন চট্টগ্রামের প্রবর্তক মোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তবে হঠাৎ করে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থানান্তর করেন।
বাবুনগরী বর্তমানে সেখানেই চিকিৎসাধীর রয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামূল হক ফারুকী।
এ বিষয়ে মাওলানা ফারুকী বলেন, ‘সোমবার (১০ ফেব্রুয়ারি) হুজুরের শরীরে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় এবং বাঁ পায়ে ইনফেকশন (পচন) হয়ে পা ফুলে যায়। তাই মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাকে সিসিইউতে নেয়া হয়েছে।’
তিনি আরো জানান, শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে পাঠদান শেষে বিশ্রামাগারে আসার পর হঠাৎ জুনায়েদ বাবুনগরী জ্বর অনুভব করেন। এরপর থেকে তিনি দুর্বল হয়ে পড়েন এবং তার রক্তচাপ বেড়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে তাকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।
বাবুনগরী চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
সিসিইউতে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী।
প্রসঙ্গত, হেফাজত মহাসচিব দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, রক্তচাপ, লিভার, ডায়াবেটিস, কিডনি, পায়ের ইনফেকশন এবং বার্ধক্যজনিত রোগসহ এসব জটিল রোগে ভুগছেন।


