পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই সরকারকে উদ্দেশ্যে করে বলেছেন, সাহস থাকলে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুন, সারা দেশে জনগণ হাতপাখাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে।
রোববার (২১ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর পৌর মেয়র মুফতী জহিরুল ইসলামের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। জনগণ ভোট দিতে পারছে না। ভোট দিতে পারলে আওয়ামী লীগ সারা দেশে হারবে।
দেশের বিভিন্ন স্থানে হাতপাখা প্রার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে শায়খে চরমোনাই বলেন, সন্ত্রাস, দুর্নীতি এবং দস্যুতার কারণে আওয়ামী লীগের জনসমর্থন তলানীতে। সারা দেশে সরকার দলীয় মাস্তানরা হাতপাখার চেয়ারম্যান প্রার্থীদের এবং নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে তাদের বসিয়ে দিতে চায়। তিনি বলেন, দেশের এতো উন্নয়ন করেছেন সাহস করে ফেয়ার নির্বাচন দিয়ে দেখুন দলীয় মাস্তানদের কি অবস্থা হয়। কাজেই জোর জবরদস্তি করে মানুষের মন জয় করা যায় না।
জ্বালানি তেলের দাম কমানোর আহ্বান জানিয়ে মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের উপর নতুন নিপীড়ন এবং জনগণের জীবন যাত্রায় চরম আঘাত। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। কাজেই তেলের দাম কমিয়ে দিয়ে জনগণকে বাচান।


