সোমবার বিকেলের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইলো সার্চ কমিটি

সোমবার বিকেলের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইলো সার্চ কমিটি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপিসহ যেসব রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে এখনো তাদের পছন্দের নামের তালিকা জমা দেয়নি তাদের আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) বিকেলের মধ্যে তা জমা দিতে আহ্বান জানিয়েছেন সার্চ কমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নামের তালিকা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব দল এখনো তাদের নামের তালিকা জমা দেয়নি বা যোগাযোগ করেনি, তাদের আহ্বান করছি আপনাদের মাধ্যমে। বিএনপি, সিপিবি, বাসদসহ যেসব রাজনৈতিক দল আমাদের ডাকে সাড়া দেয়নি, তারা আগামীকাল বিকেলের মধ্যে তাদের পছন্দের লোকের নামের তালিকা জমা দিতে পারেন।

বিশিষ্ট নাগরিকদের মতামত নেওয়ার জন্য তৃতীয় দফার বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিশিষ্ট নাগরিকদের মতামত নেওয়ার অংশ হিসেবে তৃতীয় বৈঠকে বসেছে সার্চ কমিটি।

সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির এ বৈঠক শুরু হয়।

আজকে বৈঠকের জন্য আমন্ত্রণ পাওয়া ২৩ বিশিষ্টজনের মধ্যে ১৮ জন উপস্থিত হয়েছেন।

রোববারের সভায় অংশ নিতে যে বিশিষ্টজনরা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন- সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, লেফট্যান্টে কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক এডিশনাল আইজিপি নুরুল আলম, অধ্যাপক ড. আইনুন নিশাত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, প্রজন্ম ৭১-এর আসিফ মুনির ও ডা. নুজহাত চৌধুরী।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। এই দুটি সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *