পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।
সোমবার (২৭ মার্চ) আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, বাসের আরোহীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন। আসির প্রদেশের আকাবা শার এলাকায় বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।
খবর পাওয়া মাত্রই সৌদি বেসামরিক প্রতিরক্ষা ও রেড ক্রিসেন্ট দল দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
নিহত ও আহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। বাসটিতে কোনো বিদেশি নাগরিক ছিলেন কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


