পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জিজানে অবস্থিত কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মূল্যবোধের পরিপন্থী এবং সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।
গত ৮ অক্টোবর ড্রোন হামলায় বিমানবন্দরটিতে কর্মরত তিন প্রবাসী বাংলাদেশি শ্রমিকসহ আরও কয়েকজন সাধারণ মানুষ আহত হয়। তাদের মধ্যে আছেন সৌদির ছয়জন ও একজন সুদানিজ নাগরিক।
সৌদি আরবের ওপর ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলায় পররাষ্ট্র মন্ত্রণালয় চরম উদ্বেগ প্রকাশ করেছে। কারণ এটি চলমান শান্তি উদ্যোগকে ব্যাহত করেছে।
ড্রোন হামলার ঘটনায় সৌদি সরকারের সঙ্গে সংহতি প্রকাশের পাশাপাশি ইয়েমেনের সঙ্গে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
এদিকে আহত বাংলাদেশিদের দেখভাল ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


