স্বর্ণের দাম আরও কমালো বাজুস

স্বর্ণের দাম আরও কমালো বাজুস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বর্ণের দাম আরও কমালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের স্বর্ণ অর্থাৎ ২২ ক্যারেটের ভরিতে কমানো হয়েছে ১০৪৯ টাকা। কমানো হয়েছে অন্যান্য মানের স্বর্ণের দামও। আগামীকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। এ নিয়ে সপ্তাহের ব্যবধানে এসে দ্বিতীয় দফা কমলো স্বর্ণের দাম।

বাজুসের স্বর্ণালঙ্কারের মূল্য নির্ধারণ ও মনিটরিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম কমেছে। তাই পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি।

২২ ক্যারেটের প্রতি ভ‌রি স্বর্ণ আজ সোমবারও ৮২ হাজার ৩৪৭ টাকায় বিক্রি হচ্ছিল। নতুন দর নির্ধারণের ফলে মঙ্গলবার থেকে বিক্রি হবে ৮১ হাজার ২৯৮ টাকায়।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ভালো মানের প্রতি ভরি স্বর্ণে ৯৩৩ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। পরদিন ১৯ সেপ্টেম্বর থেকে ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি শুরু হয় ৮২ হাজার ৩৪৭ টাকা ভরি।

বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৭৭ হাজার ৬২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের ভরি ৬৬ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫৫ হাজার ১৭০ টাকায় বিক্রি হবে।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপা ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৯৩৩ টাকায় ভরি বিক্রি হচ্ছে।

এর আগে ১৫ সেপ্টেম্বর ও ১৯ সেপ্টেম্বর দুই দফায় টানা স্বর্ণের দাম কমানো হয়। তবে তার আগে সর্বশেষ ১১ সেপ্টেম্বর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১২৮৩ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে টানা কয়েক দফা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। এতে ভালো মানের স্বর্ণের ভরি দেশের ইতিহাসে রেকর্ড ৮৪ হাজার ৫৬৪ টাকা উঠেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *