পাথেয় ডেস্ক (ভূপাল) : ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে ভালোবাসার বার্তা হিসেবে ২৭০০ মাদরাসাকে পতাকা র্যালী বের করার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (এমপি,এমবি)।
১০ আগস্ট শুক্রবার বোর্ডের চেয়ারম্যান ইমামুদ্দীন সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, বোর্ড অন্তর্ভূক্ত ২৭০০ মাদরাসা প্রতিষ্ঠানকে স্বাধীনতা দিবসে ‘দেশপ্রেম ও ভালোবাসার বার্তা’ হিসেবে পতাকা র্যালী বের করার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ এ কাজের উদ্দেশ্য হলো; মাদরাসা শিক্ষার্থীরাও এমন জাতীয় কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে এবং ভিন্ন ঘরানার লোকদের সঙ্গেও তাদের স্বাভাবিক সুসম্পর্ক বিশ্বস্ততার সঙ্গে প্রতিষ্ঠিত হবে।
ইমামুদ্দিন বলেন, এ কারণেই সম্প্রতি মাদরাসাসমূহে এ নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকেও এ আহ্বান জানানো হয়েছে, যে স্বাধীনতা দিবসে মাদরাসা থেকেও যেন ভালোবাসার বার্তা হিসেবে এই র্যালী বের করা হয়। সাথে প্রত্যেকে মাদরাসাতে পতাকা উত্তোলনের কথাও বলা হয়েছে।
তিনি বলেন, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় ‘পতাকা র্যালী’ বের হয়, সেখানে মাদরাসা শিক্ষার্থীরা স্বীয় উদ্যোগেই পতাকা র্যালী করবে। ভূপালের সব মাদরাসাকেই ‘নিরাপত্তার বার্তা’ হিসেবে এই পতাকা র্যালী বের করতে বলা হয়েছে। কেননা, আগে থেকেই এখানে নিয়মানুযায়ী স্বাধীনতা দিবসে একটি বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হয়।
এছাড়াও মাদরাসাগুলোও যেহেতু তাদের শিক্ষার্থীদের বর্তমানে বিভিন্ন ধর্ম ও আধুনিক বিষয়ে শিক্ষা প্রদান করছে। তাই স্বাধীনতা দিবসেও প্রত্যেক মাদরাসাতেই একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের কথা বলা হয়েছে। যেখানে দেশপ্রেম ও স্বাধীনতা সম্বন্ধে ছাত্রদের সম্যক ধারণা দেয়া হবে।
এমপি,এমবি’র চেয়ারম্যান ইমামুদ্দিন বলেন, পুরো প্রোগ্রাম ও পতাকা র্যালীর ভিডিও রেকর্ডও বোর্ডে পাঠাতে বলা হয়েছে। যা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এর উপর ভিত্তি করে সবচেয়ে সুন্দর ও সুশৃঙ্খল আয়োজক প্রতিষ্ঠানকে বছর শেষে পুরস্কৃতও করা হবে।
তিনি জানান, মধ্যপ্রদেশ মাদরাসা বোর্ডের স্বাধীনতা দিবসের এ আয়োজন নতুন কিছু নয়। বরং বিগত তিন বছর ধারাবাহিক র্যালী বের করাসহ স্বাধীনতা দিবসের সুন্দর সব আয়োজন করে আসছি আমরা।
অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
সূত্র : সাহাফাত,উর্দু
সম্পাদনা : মাসউদুল কাদির


