‘স্বাধীনতাবিরোধী শক্তি রাজনীতিতে থাকলে সংঘাত-অস্থিরতা শেষ হবে না’

‘স্বাধীনতাবিরোধী শক্তি রাজনীতিতে থাকলে সংঘাত-অস্থিরতা শেষ হবে না’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি যত দিন রাজনীতির মাঠে থাকবে, তত দিন দেশের রাজনীতিতে সংঘাত, অস্থিরতার অবসান হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

আজ শনিবার দুপুরে ফেনীতে অনুষ্ঠিত জাসদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা জাসদের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে শহরের ট্রাংক রোডের একটি কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি-জামায়াত ও ধর্মান্ধ শক্তি বাঙালির আত্মপরিচয়, ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান মানে না। দেশের রাজনীতিতে বর্তমান সংঘাত-অস্থিরতা-সংঘর্ষ নতুন নয়। এটা ৫২, ৭১, ৭৫-এর পুরোনো বিরোধেরই বহিঃপ্রকাশ।

“স্বাধীনতার পর ৫০ বছর অতিক্রান্ত হলেও এই বিরোধের সমাধান ও মীমাংসা হয়নি। ৫২ ও ৭১-এর মীমাংসিত বিষয়গুলো অমীমাংসিত থাকা, ঐতিহাসিক সত্যকে অস্বীকার করার রাজনীতিই এই বিরোধের মূল কারণ। মুশতাক-জিয়া এই ৫২ ও ৭১ বিরোধী রাজনীতি সমাজে চাপিয়ে দিয়ে জাতিকে বিভক্ত করে বিরোধের রাজনীতিকে স্থায়ী রূপ দিয়েছে।”

হাসানুল হক ইনু আরও বলেন, রাষ্ট্রের চিরশত্রুদের বর্জন ও পরাজিত করার রাজনৈতিক সংগ্রামের সঙ্গে সমানতালেই জনগণের দৈনন্দিন জীবনের দুঃখ, কষ্ট দূর করা, দ্রব্যমূল্যের অযৌক্তিক ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট দমন, দুর্নীতিবাজ, লুটেরাদের দমন, দলবাজি, ক্ষমতাবাজি বন্ধ করতে সুশাসন ও সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *