হজে মধ্যস্বত্বভোগীদের পরিহারের আহ্বান আনিসুর রহমান

হজে মধ্যস্বত্বভোগীদের পরিহারের আহ্বান আনিসুর রহমান

পাথেয় রিপোর্ট : হজ ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের পরিহার করতে বেসরকারি হজ এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান।

তিনি বলেছেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে বেসরকারি হজ এজেন্সিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সরকারি ব্যবস্থাপনার মতো হজ নিবন্ধনের (রেজিস্ট্রেশন) সময়ই হজ প্যাকেজের সমুদয় টাকা নেয়া যায় কি না, সে ব্যাপারে বেসরকারি এজেন্সিগুলোকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। এটি করা সম্ভব হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সম্পূর্ণরূপে বন্ধ হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ‘হজ ব্যবস্থাপনা কর্মশালা-২০১৯’-এ সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সচিব বলেন, সামগ্রিক হজ ব্যবস্থাপনায় বেসরকারি এজেন্সিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে মুষ্টিমেয় এজেন্সির মধ্যস্বত্বভোগীদের অপকর্মের জন্য সামগ্রিকভাবে সব হজ এজেন্সিকে বদনামের ভাগিদার হতে হচ্ছে। এ অবস্থা নিরসনে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতাদের উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক (হজ) সাইফুল ইসলামের সঞ্চালনায় সদ্য সমাপ্ত চলতি বছরের (২০১৯) হজ কার্যক্রমের সামগ্রিক তথ্য তুলে ধরেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) এ বি এম আমিন উল্ল্যাহ নুরী।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারি, মাহমুদুস সামাদ চৌধুরী ও রত্না আহমেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *