পাথেয় রিপোর্ট : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ-গুলিতে প্রায় ৫০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৪১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে।
বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মামুনুর রশিদ ও রাব্বি শেখ নামে দুই জন দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে ৮টি সিট ফাঁকা থাকায় ওই সিটে থাকার জন্য শিক্ষার্থীদেরকে নিয়ে যান ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন। এ সময় ওই হলের ছাত্রলীগ সভাপতি রুহুল কুদ্দুস জোহার সঙ্গে তার বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ইট-পাটকেল নিয়ে উভয়পক্ষ আক্রমণ করে। শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় ৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়।
আহতদের দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং গুরুতর আহত হওয়ায় মামুনুর রশিদ ও রাব্বি শেখ নামে দুইজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, এই ঘটনার খবর পেয়ে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়নি প্রশাসন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে। এখন পর্যন্ত কোনো পক্ষ এ ব্যাপারে অভিযোগ দায়ের করেনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. খালিদ হোসেন জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় উপাচার্যের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
গুলির ঘটনার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা জোরে শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছে। তবে এটি গুলির নাকি পটকার সঠিকভাবে বলা যাচ্ছে না।


