হাঁচি দেয়ায় বের করে দেয়া হল মসজিদ থেকে

হাঁচি দেয়ায় বের করে দেয়া হল মসজিদ থেকে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী চলছে করোনাভাইরাসের ভয়ংকর কালো অধ্যায়। বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও আতঙ্ক ছাপিয়ে এ ভাইরাসের আতঙ্ক মানুষের মনে জেঁকে বসেছে তীব্রভাবে। আক্রান্ত হয়েছে হাতে গোনা কয়েকটি দেশ বাদে সারা বিশ্ব। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। বাতাসবাহী এ ভাইরাস বাংলাদেশেও তার ভয়াল থাবা বসিয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৪ জন। সকলেই সংক্রমণের ভয়ে ত্রস্ত জীবন পার করছেন। এবার তার ভয়ে শুধুমাত্র হাঁচি দেয়ার অপরাধে এক মুসল্লিকে বের করে দেয়া হল মসজিদ থেকে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এমন একটি ঘটনা ঘটেছে রাজধানীর খিলগাঁও হাজীপাড়াস্থ ঝিল মসজিদে।

মসজিদের মুয়াজ্জিন আলাউদ্দীন জানান, যোহরের নামাযের ঠিক আগমুহূর্তে ঠান্ডাবশত এক মুসল্লি হাঁচি দেন। সাথে সাথেই ক্ষিপ্ত হয়ে পড়েন মসজিদের আরেক মুসল্লি। ‘ঠান্ডা লেগেছে আপনি মসজিদে কেন এসেছেন! আর যেন মসজিদে না আসেন আপনি!’ চিৎকার করে একথা বলেন তিনি হাঁচিদাতা মুসল্লির উদ্দেশ্যে। হাঁচিদাতা তৎক্ষণাৎ মসজিদ থেকে বের হয়ে যান।

তবে মসজিদের অন্যান্য মুসল্লিরা এর প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, এভাবে কাউকে মসজিদ থেকে বের করে দেয়া ঠিক নয়। তার সাথে আরও শালীন ব্যবহার করা উচিত ছিল বলে মনে করেন তারা।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৪৪ জন জানিয়েছে আইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *