হাইআতুল উলয়ার ফল প্রকাশ

হাইআতুল উলয়ার ফল প্রকাশ

পাথেয় রিপোর্ট : সম্মিলিত কওমি মাদরাসা সরকারি বোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের (তাকমিল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার (৩ জুলাই) সকাল ১১ টায় প্রকাশ হয়। এবারের পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিল ছাত্র ১৮,৫৬৬ জন, ছাত্রী ৮,২২২ জন, মোট ২৬,৭৮৮ জন। সারাদেশে ১৭৪টি পুরুষ কেন্দ্রে ও ১৮৭টি মহিলা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ২৬,৭৮৮ জন। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১৯,০৭৯ জন, অনুত্তীর্ণ ৪,৮৮২ জন এবং অনুপস্থিত ছিলেন ২,৬২৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন। পাসের হার ছাত্র ৭৭.১৮%, ছাত্রী ৬৫.২৬%। গড় পাসের হার ৭৩.৫১%।

মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছেন ছাত্র ৯৫৯ জন এবং ছাত্রী ৯২ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছেন ছাত্র ৪,১২৪ জন, ছাত্রী ১,০৭৬ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছেন ছাত্র ৫,৬৩৪ জন, ছাত্রী ২,৩৫১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছেন ছাত্র ৩,১৫২ জন, ছাত্রী ১,৬৯১ জন। এছাড়া মোট ১৪ জনের পরীক্ষা বাতিল করা হয়।

গনমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশাল কর্মকাণ্ডের বিভিন্ন স্তর– নিবন্ধন, পরীক্ষার্থী অন্তর্ভুক্তি, প্রশ্নপত্র তৈরি ও কেন্দ্রসমূহে প্রেরণ, পরীক্ষা গ্রহণ, খাতা দেখা, খাতা নিরীক্ষণ, ফলাফল তৈরি ইত্যাদি কাজে আন্তরিক সহায়তার জন্য মাদরাসাসমূহ, বোর্ড পরিচালকবৃন্দ এবং নেগরান, পরীক্ষক, নিরীক্ষক ও অফিসকর্মীসহ সংশ্লিষ্ট সকলের অক্লান্ত শ্রমপ্রদান ও ঐকান্তিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইআতুল উলয়ার কর্মকর্তারা।

সূত্রে জানা যায়, হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট https://alhaiatululya.com এ রেজাল্ট পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ২৯৯৩৩ নম্বরে।

আল হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২ শা’বান ১৪৪০ হিজরী, ৮ এপ্রিল ২০১৯ খৃষ্টাব্দ থেকে দাওরায়ে হাদীস (তাকমীল) এর কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। কিন্তু দুঃখজনকভাবে প্রশ্ন ফাসের বিপর্যয় দেখা দিলে পুনরায় ১৬ শা’বান ১৪৪০ হিজরী, ২৩ এপ্রিল ২০১৯ খৃষ্টাব্দ থেকে পরীক্ষা শুরু হয়। দুর্ভাগ্যজনকভাবে এবারও প্রশ্ন ফাসের বিপর্যয় দেখা দিলে বিশেষ পদ্ধতিতে ২৬ শা’বান ১৪৪০ হিজরী। ৩ মে ২০১৯ খৃষ্টাব্দ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *