হামলায় জড়িতদের ছাড় দেয়া হবে না : শাল্লায় র‍্যাব প্রধান

হামলায় জড়িতদের ছাড় দেয়া হবে না : শাল্লায় র‍্যাব প্রধান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে হেফাজত নেতা মামুনুল হকের সমর্থকদের হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িতদের ‘কোনো ছাড় দেওয়া হবে না’ বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গ্রাম সংলগ্ন বরাম হাওরের মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন র‌্যাব ডিজি। পরে নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। মামুনুল হকের সমর্থকদের হামলায় বিধ্বস্ত গ্রামটির বিভিন্ন বাড়ি পরিদর্শন করেন র‍্যাব ডিজি। পরে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‌্যাব প্রধান বলেন, “নোয়াগাঁওয়ে হিন্দুদের ঘরবাড়িতে হামলার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে, তাদের অতিদ্রুত আইনের আওয়তায় এনে বিচার নিশ্চিত করা হবে, যাতে আগামীতে এ ধরনের আর কোনো ঘটনা না ঘটে।”

হেফাজতের যুগ্মমহাসচিব মামুনুল হকের সমর্থকদের এই ন্যাক্কারজনক হামলার পর গ্রামবাসীর নিরাপত্তায় র‍্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। তবে গ্রামবাসী এখনও ভীতি কাটিয়ে উঠতে পারেনি। গ্রামের পরিবেশ এখনও থমথমে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ায় জানের উপর দিয়ে কিছু যায়নি। উত্তেজিত জনতার অগ্রসর হওয়ার সংবাদ পেয়ে তারা ভেবেছিলেন তাদের খুন-ধর্ষণের শিকার হতে হবে।

গ্রামবাসীকে আশ্বাস দিয়ে র‍্যাবের ডিজি বলেছেন, অপরাধীদের দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *