হামাসের রকেট হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত

হামাসের রকেট হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :  গাজার দক্ষিণাঞ্চলে রাফা এলাকার কাছে রকেট হামলায় তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, তারা এই হামলা চালিয়েছে।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, গতকাল রোববার ইসরায়েলি সেনাদের হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। পাল্টা এই হামলার দায় নিয়েছে ইসরায়েল।
মিসরের রাজধানী কায়রোতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজা সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কেরেম শালম এলাকায় ১০টি রকেট হামলা চালানো হয়েছে। হামলার পরে ত্রাণবাহী ট্রাক ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য ক্রসিংগুলো খোলা রয়েছে।

হামাসের সশস্ত্র শাখা বলেছে, ক্রসিংয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে তাঁরা রকেট হামলা চালিয়েছে। তবে কোথা থেকে ওই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করেনি হামাসের ওই সশস্ত্র শাখা। হামাসের একটি সূত্র গণমাধ্যমকে বলেছে, বাণিজ্যিক কাজে ব্যবহৃত ওই ক্রসিং তাঁদের লক্ষ্যবস্তু ছিল না।

মিসর সীমান্তের কাছে রাফা এলাকায় ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। হামাসের এই হামলার কিছুক্ষণ পরেই রাফা এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

পাল্টা এই হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাস হামলায় ঢাল হিসেবে বেসামরিক নাগরিকদের ব্যবহার করার কথা অস্বীকার করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, মধ্যরাতের আগে গাজার রাফা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নয়জন ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে একজন শিশু। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা আরও বলছেন, নতুন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে।

গাজায় যুদ্ধবিরতির জন্য মিসরের কায়রোতে আলোচনা চলছে। এই হামলার ঘটনায় যুদ্ধবিরতির নিয়ে প্রত্যাশাকে কিছুটা ম্লান করে দিয়েছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলা যুদ্ধে ইসরায়েলের হিসাবে ১ হাজার ২০০ জন নিহত হয়েছে। জিম্মি করা হয়েছে ২৫২ জনকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৬০০ জন নিহত হয়েছে।

সূত্র; রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *