পাথেয় রিপোর্ট : বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র জমা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১০ ডিসেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।
হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিল। ১০ জনের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন হিরো আলম।
মনোনয়ন পত্র বাতিলাদেশের বিরুদ্ধে গতকাল রবিবার (৯ ডিসেম্বর) হাইকোর্টে রিট করেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। ওই রিটের আদেশে হাইকোর্ট নির্বাচন কমিশনকে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।
এদিকে বগুড়া-৪ আসনের মনোনয়নপত্র ফিরে পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বলেছেন, এ বিজয় সকল জনগণের। তিনি বলেন, সত্যের জয় অবশ্যম্ভাবী, সত্যের জয় হয়েছে।
এ সময় তিনি বলেন, আমার এ মনোনয়ন ফিরে পাওয়ায় সকল মিডিয়া কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে যারা সবসময় থেকেছেন, আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
হিরো আলম বলেন, যারা আমাকে পাগল বলে আসলে তারাই পাগল। আমি তাদেরকে বলতে চাই আপনারা যারা আমাকে নিয়ে সমালোচনা করেন তাদের পরাজয় হয়েছে।
কবে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমি তো এখন ঢাকা আছি, এলাকায় যাই, এরপর নির্বাচনী প্রচারণা শুরু করব।
হিরো আলম বলেন, ‘আমি এখন খুব খুশি। হাইকোর্টে যে ন্যায় বিচার পাওয়া যায়, তা প্রমাণ হল। ইসি যে বলছিল আমার ভোটার তালিকা ভুয়া, তা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলাম।’
এর আগে নির্বাচন কমিশনে আপিলেও মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) আপিল শুনানি শেষে হিরো আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ইসি। তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন হিরো আলম। ইসির এজলাস থেকে বের হয়ে হিরো আলম সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আমি আপিল করেছিলাম সেটা নামঞ্জুর করা হয়েছে।
আজকে এখানে যারা স্বতন্ত্র প্রার্থী তাদের সবাইকে বাদ দেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন না দেয়ার কারণ আমি মনে করি, ষড়যন্ত্র। আর এসব কিছু রাজনৈতিক চালে চলছে। আমি এখন হাইকোর্টে আপিল করবো, আমি এর শেষ দেখে নেব। রাজনীতির মাঠ থেকে চলে যাওয়ার হিরো আলম আমি না।


