হেফাজতের পদ ছাড়ার ঘোষণা দিলেন নায়েবে আমির মাওলানা আব্দুল্লাহ

হেফাজতের পদ ছাড়ার ঘোষণা দিলেন নায়েবে আমির মাওলানা আব্দুল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগসহ নানা কারণ দেখিয়ে সংগঠনটির নায়েবে আমিরের পদ ছাড়ার ঘোষণা দিলেন মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।

মঙ্গলবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি নিজের অনুভূতি ও উপলব্ধি থেকে বলছি, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) ইন্তেকালের পর হেফাজতে ইসলামে যোগ্য নেতৃত্বের সংকট সৃষ্টি হয়েছে। দলাদলি সৃষ্টি হয়েছে নিজেদের মধ্যে।

মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান বলেন, বিভিন্ন দল ও ভিন্ন মতাদর্শের মানুষ অনুপ্রবেশ করেছে এবং তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে হেফাজতে ইসলামকে অত্যন্ত সুকৌশলে মাঠে নামানোর চেষ্টা করছে। এরই অংশ হিসেবে হেফাজতে ইসলামকে তারা অনেকটা নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। বিতর্কিত বহিরাগত সংগঠনের লোকজনই হেফাজতে ইসলামের নেতাদের অধিকাংশের মতামত উপেক্ষা করে হরতালের মতো কর্মসূচি পালনে বাধ্য করেছে।

বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের এ নেতা বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ পূর্বে শীর্ষ নেত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে যে কোনো কর্মসূচি ও কার্যক্রম পরিচালিত করলেও সম্প্রতি কিছু ব্যক্তির নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। বিষয়গুলো বিবেচনা করে আমি হেফাজতে ইসলামের ‘নায়েবে আমির’ পদ থেকে ইস্তফা প্রদান করলাম।

তিনি আরো বলেন, আমার ইস্তফা প্রদানে কে বেজার হল, কে খুশি হল এটা আমার দেখার বিষয় নয়। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হেফাজতে ইসলাম থেকে ইস্তফা প্রদান ইসলাম, দেশ ও জাতির অধিকতর কল্যাণের লক্ষ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *