পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধান নিয়ে সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা। এক্ষেত্রে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান।
প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন, তিন থেকে চার সপ্তাহের মধ্যে এমআরপি পাসপোর্ট পাবেন।”
প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, “প্রথম প্রয়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়াতে। এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এতো পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই-তিন বছরে এই সমস্যা আর হবে না।”
আসিফ নজরুল আরও বলেন, “এই সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন তিনি পাসপোর্ট ছাপানোর কাজটা তার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিক ভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় রেজিস্টেন্স করতে গিয়ে, টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময় ক্ষেপণ হয়। আপনাদের অনেক কষ্ট হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পাবেন।”


