১৭ মার্চ শুরু বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান

১৭ মার্চ শুরু বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় পর্যায়ে দশ দিনব্যাপী অনুষ্ঠান আগামী ১৭ মার্চ বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের অতিথিরা। অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও।

শুক্রবার (১২ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে মুজিব শতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বিষয়টি জানিয়েছেন ।

তিনি বলেন, জাতীয় প্যারেড স্কয়ারে ১৭ মার্চ থেকে শুরু হয়ে অনুষ্ঠানমালা চলবে ২৬ মার্চ পর্যন্ত। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম তুলে ধরা হবে অনুষ্ঠানগুলোতে। এতে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এই আয়োজনের মূল থিম ‘মুজিব চিরন্তন’।

অনুষ্ঠানে ১৭, ১৯, ২২, ২৪ ও ২৬ মার্চ- এই পাঁচ দিন বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন। এই পাঁচ দিনের অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি অনুসরণ করে সীমিত আকারে ৫০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। যাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের প্রধান, আন্তর্জাতিক সংস্থাপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এই পাঁচ দিন দর্শকরা উপস্থিত থাকতে পারবেন। অনুষ্ঠান প্রতিদিন বিকাল ৪টা ৩০ মিনিটে শুরু হয়ে রাত ৮টায় শেষ হবে।

আরও পড়ুন: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে আসছেন ৫ রাষ্ট্রপ্রধান

প্রতিদিনের অনুষ্ঠানে সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত ৩০ মিনিটের বিরতি থাকবে। প্রতিদিন থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যোগদানকারীদের অনুষ্ঠানের আগে কোভিড সনদ সংগ্রহ করতে হবে। কোভিড টেস্টের কার্যকারিতা থাকবে ৪৮ ঘণ্টা। টেস্টের জন্য ৫টি সেন্টারও ঠিক করে দেওয়া হয়েছে। তবে যে পাঁচ দিন দর্শকরা থাকতে পারবেন না, সেই দিনগুলোর অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

এছাড়া এই পাঁচ দিনের অনুষ্ঠানসহ অন্য পাঁচ দিনের অনুষ্ঠানমালায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ধারণকৃত বক্তব্য প্রদর্শন করা হবে। প্রত্যেক দিনের অনুষ্ঠান টেলিভিশন চ্যানেল, অনলাইন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *