পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় সংসদের একটি আসনের উপ-নির্বাচন ও বেশ কয়েকটি পৌরসভাসহ ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। আগামী ২ অক্টোবর (শনিবার) থেকে ৬ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত (প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা) মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমণ্ডি থেকে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন মনোনয়নপ্রত্যাশীরা। এক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরণের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ৬ অক্টোবর বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।


