পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ ব্যাংক আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, দেশের তফসিলি ব্যাংকগুলো আগামী বছর ২৪ দিন বন্ধ থাকবে।
সোমবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চিঠি আকারে নির্দেশনাটি বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এর আগে গত ২৮ অক্টোবর ২০২২ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে সরকার। তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি ছুটির সংখ্যা ২২ দিন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে ২০২২ সালে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংকে লেনদেন হবে না। অর্থাৎ সব মিলিয়ে আগামী বছর ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে।
সার্কুলারে ছুটির যে তালিকা প্রকাশ করা হয়েছে তা হলো— আগামী বছরের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ১৯ মার্চ শবে বরাত, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ তথা পহেলা বৈশাখ, ২৯ এপ্রিল শব-ই-কদর, ১ মে-তে মে দিবস উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে।
এ ছাড়া ২, ৩ ও ৪ মে ঈদুল ফিতর, ১৫ মে বুদ্ধ পূর্ণিমা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৯, ১০ ও ১১ জুলাই ঈদুল আজহা, ৯ আগস্ট আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ আগস্ট বৃহস্পতিবার জন্মাষ্টমী, ৫ অক্টোবর দুর্গাপূজা, ৯ অক্টোবর ঈদ-ই-মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন তথা বড়দিন এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক লেনদেন।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরো বলা হয়েছে, আগামী বছর ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে ছুটির যে তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং সে কারণে ছুটি দিন পরিবর্তনও হতে পারে। তবে সেটা সেই সময়ে জানানো হবে।


