পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলমান তাপপ্রবাহের কারণে দেশের ২৫টি জেলার মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার (৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে ২৫ জেলার মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে।
যেসব জেলায় শনিবার বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
খুলনা বিভাগের ১০ জেলা (খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা), রাজশাহী বিভাগের ৮ জেলা (রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট), ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা, রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল শনিবার বন্ধ থাকবে।
তাপপ্রবাহের কারণে ঈদ-উল-ফিতর ও নববর্ষের ছুটির পর গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে ২৮ এপ্রিল খোলা হয়।
তবে গরমের তীব্রতার কারণে ২৯ এপ্রিল ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
এরপর ৩০ এপ্রিল ২৭ জেলার মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখে শিক্ষা মন্ত্রণালয়।
পরে একই কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ ঘোষণার জন্য আদালত আদেশ দিলে সেদিনও বন্ধ থাকে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।


