৩ দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

৩ দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহানগরীর অলিগলিসহ মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা

আগামী তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বর্তমানে সব মিলিয়ে প্রায় ১২,০০,০০০ রিকশা চলাচল করছে ঢাকা মহানগরীতে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। এছাড়া পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে।

ঢাকাসহ সারা দেশে অস্বাভাবিক হারে বেড়েছে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট। অলিগলিসহ মূল সড়কে এসব রিকশার দাপটে ভেঙে পড়েছে মহানগরীর ট্রাফিক ব্যবস্থা। অনিয়ন্ত্রিত চলাচল ও ঝুঁকিপূর্ণ বাহনটি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা মহানগরীর মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেশি। সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিকশা। রাজধানীর খিলগাঁও, মান্ডা, বাসাবো, মানিকনগর, রামপুরা, বাড্ডা, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ, শ্যামপুর, ডেমরা, মোহাম্মদপুর, বছিলা, উত্তরা, ভাটারা, দক্ষিণখান, উত্তরখান, ময়নারটেক, মিরপুর, পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেশি।

ব্যাটারিচালিত রিকশা চলাচল বেড়ে যাওয়ায় অন্যান্য যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। এমন সময় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ নগরবাসীর জন্য স্বস্তির।

Related Articles