পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার করোনা এবং লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, আসন্ন ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। এছাড়া লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হবে।
রোববার (১৮ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পবিত্র রমজানের ত্যাগ ও সংযমের মাসে দরিদ্রদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।
বিপন্ন মানুষের পাশে সবার আগে দাঁড়ানো আওয়ামী লীগের সংস্কৃতি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, করোনাভাইরাস রাজনৈতিক দল চেনে না। আমরা প্রতিদিনই মূল্যবান প্রাণ হারাচ্ছি। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দোষারোপের রাজনীতি ছেড়ে, অন্ধ সমালোচনার তীর ছোঁড়া বন্ধ করে সংক্রমণ ঠেকাতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলতে হবে।


