পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর শ্যামপুরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
এতে বলা হয়, মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর শ্যামপুরের ১১ নং লাল মসজিদ রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৫টা ৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
দীর্ঘ দুই ঘন্টা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টার ফলে সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নির্বাপণ কাজ এখনও চলমান রয়েছে।
পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, কারখানাটিতে প্লাস্টিক ও স্যান্ডেল রয়েছে। এটি মূলত পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানা।


