পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকাল ৩টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান বড় ভাই মো. শাহ আলম (৩৩)। এর ৮ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে একই হাসপাতালে মারা যান ছোট ভাই মোহাম্মদ শাহজাহান (৩০)।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে দুই ভাই গত ১ জুন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার বিকালে এবং রাতে তাদের দুই জনের মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘গত ১ জুন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখান থেকে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। নমুনার রিপোর্ট আসার আগেই তাদের মৃত্যু হয়। রিপোর্ট পেলে জানা যাবে তাদের করোনায় মৃত্যু হয়েছে কিনা।’
স্থানীয়রা জানায়, ওই দুই ভাইয়ের হাটহাজারী জহুর শপিং সেন্টারে আপন ফ্যাশন নামে একটি কাপড়ের দোকান রয়েছে। ছোট ভাই দোকানে ব্যবসায় পরিচালনা করলেও বড় ভাই ছিলেন মধ্যপ্রাচ্য প্রবাসী।
/এএ


