পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবশেষে অনশন ভাঙলেন কারাগারে অবস্থানরত রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি। আজ শুক্রবার (২৩ এপ্রিল) ইন্সটাগ্রামে নিজ দলের মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন গণমাধ্যম সিএনএন খবরটি প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাশিয়ার বিরোধী দলীয় এই নেতাকে কারাগারের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর আজ (২৩ এপ্রিল) এমন ঘোষণা আসলো।
অ্যালেক্সাই নাভালনি বলেন, চিকিৎসার জন্য প্রয়োজনীয় দাবিগুলো আমি এখনই তুলে নিচ্ছি না। আমার হাত এবং পায়ের বিভিন্ন অংশ অনুভূতিশূন্য হয়ে যাচ্ছে। তাই আমি বুঝতে চাচ্ছি এটি কী এবং এর চিকিৎসা কীভাবে হয়। এ কারণে আপাতত অনশন থেকে বের হয়ে আসছি।
কারাগারে পর্যাপ্ত সুচিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়ে গত ৩১ মার্চ থেকে কোনো ধরনের খাবার গ্রহণ করছেন না ৪৪ বছর বয়সী অ্যালেক্সাই নাভালনি। রাজধানী মস্কো থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) পূর্বদিকে অবস্থিত আই কে-২ সংশোধনমূলক পেনেল কলোনিতে কারাভোগ করছেন এই নেতা।


