পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় নূর হোসাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মুনির আহমেদ বলেন, গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
নূর হোসাইন কাসেমীর ঠান্ডা ও শ্বাসকষ্ট থাকলেও করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান মুনির আহমেদ। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।
নূর হোসাইন কাসেমী হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সংগঠনের আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পর গত ১৫ নভেম্বর নতুন করে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আল্লামা বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত করা হয়।
/এএ


