আগস্টের শেষ দিকে বন্যার আশঙ্কা

আগস্টের শেষ দিকে বন্যার আশঙ্কা

পাথেয় ডেস্ক : বছর আগস্টের শেষ দিকে বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে ভারী বর্ষণ ও উজানের পানির ঢলে চলতি মাসের দ্বিতীয় থেকে শেষ সপ্তাহে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মধ্যমেয়াদি বন্যা হতে পারে।

বুধবার আগস্ট মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, আগস্টে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে ১-২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।

তিনি বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগস্টের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোর বিভিন্ন স্থানে স্বল্প থেকে মধ্যমেয়ামি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
এতে ঝড়ো হাওয়ার শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলার পরামর্শ দিয়েছে অধিদফতর।

ভরা বর্ষায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় প্রায় প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

বৃহস্পতিবারের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে- খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অধিদফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *