পাথেয় রিপোর্ট : টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করবেন শেখ হাসিনা। আরও পাঁচ বিভাগ ও মন্ত্রণালয়ের সঙ্গে এই মন্ত্রণালয়টিও রয়েছে প্রধানমন্ত্রীর দায়িত্বে। প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
আজ সকাল ১০টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাবেন শেখ হাসিনা।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১৩ জানুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে নিজ কার্যালয়ে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান। পরে তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনী বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রমতে, আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদোন্নতিসহ বিভিন্ন নথি, প্রকল্প ও ১০০ দিনের কর্মসূচি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন। এসব বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনাও দেবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, নিজের মন্ত্রণালয় ও বিভাগ ছাড়াও পর্যায়ক্রমে প্রতিটি মন্ত্রণালয়ই পরিদর্শন করবেন শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিয়ে প্রতিটি মন্ত্রণালয় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করছে। সেসব কর্মসূচিসহ মন্ত্রণালয়ের অন্যান্য কার্যক্রমের খোঁজখবরও নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ে থাকার সময়ে দর্শনার্থীদের প্রবেশও সীমিত থাকবে।


