আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবে বিএনপি : মির্জা ফখরুল

আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবে বিএনপি : মির্জা ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপির নেতৃত্ব এবং বিভক্তি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘উদ্ভট’ বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিদিন একটা ওহি নাজিল করতে থাকেন। গতকাল (বৃহস্পতিবার) তিনি একটা ওহি নাজিল করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘বিএনপি নানাভাবে বিভক্ত, বিএনপির আন্দোলনের নেতা কে, আমরা জানতে চাই।’ এই বিষয়ে বলতে চাই, নতুন কোনো কথা নয়। এটা দিবালোকের মতো স্পষ্ট যে, বিএনপির চেয়ারপারসন এখনো জীবিত আছেন, আর তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া।

তার অসুস্থতার কারণে, তার অনুপস্থিতিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্দোলনের নেতাও তারেক রহমান। কাদের সাহেবের তো এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। এতদিনেও যদি জেনে না থাকেন যে, বিএনপির নেতা কে, তাহলে উনাদের সরকারি দলে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কবিতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি আয়োজিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন, সদস্যসচিব আবদুস সালাম, কবি আবদুল হাই শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে ফখরুল আরো বলেন, ‘আপনি তো এই কথাগুলো বলেন শুধু বিভ্রান্ত করার জন্য। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি দ্বিধাবিভক্ত নয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিএনপির নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *