পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘আওয়ামী লীগকে যদি সরাতে না পারি তবে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারব না, দেশনেত্রী খালেদা জিয়াকেও মুক্ত করতে পারব না। হাজার হাজার মানুষ যে মিথ্যা মামলা নিয়ে চেপে বসে আছি, তা থেকেও আমরা মুক্ত হতে পারব না। সেজন্য আমি আগাম আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের রাস্তায় নামতে হবে, সোচ্চার হতে হবে এবং আন্দোলনের মাধ্যমে এ ভয়াবহ সরকারকে পরাজিত করতে হবে। তাদের বাধ্য করতে হবে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। যার মাধ্যমে জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করবে, সরকার গঠন করবে।’
বিএনপি গত ১০-১২ বছর ধরে সংগ্রাম ও লড়াই করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, পাঁচশ’র বেশি ভাই গুম হয়ে গেছে, হাজারের ওপর মানুষ খুন হয়ে গেছে, অনেককে হাঁটুতে গুলি করে পঙ্গু করে দিয়েছে। সুতরাং আন্দোলন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, ‘একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের উঠে দাঁড়াতে হবে। বিশেষ করে তরুণ-যুবক যারা আছেন, তাদের জেগে উঠতে হবে। পরিবর্তন আসে সবসময় তরুণদের মাধ্যমে, তাদের নেতৃত্বে, তাদের বীরত্ব ও সাহসিকতার মাধ্যমে। এখন কাজ করতে হবে তরুণ-যুবকদের।’


