আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে গত দু’দিনে এ নিয়ে তিন দফা হামলার ঘটনা ঘটল। সর্বশেষ হামলাটি চালানো হয়েছে রাজধানী কাবুলের একটি গোয়েন্দা সংস্থাকেন্দ্রে। একদল অজ্ঞাত বন্দুকধারী সেখানে হামলা চালায়। এতে ৪৮ জন নিহত হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা ১ ৫মিনিটে
কাবুলের কালা-ই-ওয়াজির এলাকায় ন্যাশনাল সিকিউরিটি ডিরেক্টরেটের একটি প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানো হয়।
কাবুল পুলিশের মুখপাত্র হাসমত স্তানিকজাই আল জাজিরাকে বলেন, বন্দুকধারীরা হামলা চালালে আমরা ভবনের ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করতে থাকি। এখনও সংঘর্ষ চলছে। সে কারণে ওই এলাকা ঘিরে রেখেছে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। স্তানিকজাই বলেন, বন্দুকধারীরা ওই প্রশিক্ষণ কেন্দ্রের বিপরীত দিক থেকে গুলি করতে শুরু করে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কমপক্ষে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এখনও পর্যন্ত কোন গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত বুধবার কাবুলে একটি কোচিং সেন্টারে আত্মঘাতী হামলার ঘটনায় ৪৮ জন নিহত হয়। আহত হয়েছে আরও ৬৭ জন। স্থানীয় সময় গত বুধবার বিকাল ৪টার দিকে ওই হামলা চালানো হয়।
অপরদিকে, গত বুধবার সকালেই আরও একটি হামলা চালানো হয় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশের একটি সেনাঘাঁটিতে। বাগলান প্রদেশে আফগান সেনাঘাঁটিতে তালেবানের ওই হামলায় নয় পুলিশ সদস্য এবং ৩৫ সেনা সদস্য নিহত হয়েছেন।


